ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাওয়াল জাতীয় উদ্যানের বনভূমি অবৈধভাবে বন্দোবস্ত দেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী এম. শামসুল ইসলাম, পরিবেশ ও বন মন্ত্রী শাহজাহান সিরাজসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "জাতীয় উদ্যানের বনভূমি বন্দোবস্ত ও হস্তান্তরের অভিযোগে সাবেক দুই মন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।"
একটি মামলায় আসামি হবেন ওরিয়ন মাশরুম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল করিম; গাজীপুরের সাবেক জেলা প্রশাসক মো. সাহাব উল্লাহ (বর্তমানে ভাইস চেয়ারম্যান রপ্তানী উন্নয়ন ব্যুরো); সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম রফিকুল ইসলাম (বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য); ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আজাদ রুহুল আমিন; সাবেক ভূমিমন্ত্রী এম শামসুল ইসলাম; সাবেক পরিবেশ ও বন মন্ত্রী শাজাহান সিরাজ; তার ছেলে রাজিব সিরাজ অপু (ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক) এবং ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন।
আসামিরা পরস্পর যোগসাজসে ভাওয়াল জাতীয় উদ্যানের ১৩ একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত ও হস্তান্তরর করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন বলে মামলায় অভিযোগ আনা হবে।
অন্য মামলাতেও আসামির সংখ্যা হবে ৮। তাতে ওবায়দুল করিম বাদে প্রথম মামলার ৭ আসামিই থাকবেন। এছাড়া আসামির তালিকায় থাকবে গ্রীন হাউজ অর্গানিক ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মুজিবুল হকের নাম।
আসামিরা জাতীয় উদ্যানের ১০ দশমিক ৭৫ একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত ও হস্তান্তরর করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন বলে এ মামলায় অভিযোগ আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/২০৫২ ঘ.
bdnews24