ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিচারিক ম্যাজিস্ট্রেটদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা করে ২৭ মে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৮ মে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় এই আদেশ দেন।
শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল জনবল ও যানবাহন বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ একটি হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করেন।
আদালত এখনও ম্যাজিস্ট্রেটদের জন্য যানবাহন ও জনবলের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হওয়ার পর এখনও কেন যানবাহন ও জনবলের ব্যবস্থা করা হচ্ছে না?"
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "এটি একটি রোডব্লক যা খুবই দুর্ভাগ্যজনক।"
সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় যানবাহন ও জনবলের ব্যবস্থা করা হবে প্রতিশ্র"তি দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "এজন্য আদালতের নতুন কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।"
তবে আদালত ছয় মাসের বেশি সময়েও বিচারিক ম্যাজিস্ট্রেসির জন্য যানবাহন ও জনবলের ব্যবস্থা না করাকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দেন। আদালত বলেন, ৬৪ জেলায় মাইক্রোবাস বা অন্য কোন যানবাহন সরবরাহ করতে হবে। আনুষঙ্গিক বিষয়েরও ব্যবস্থা করতে হবে।
দেওয়ানী বিচার আদালত থেকে বিচারক নিয়ে বিচারিক ম্যাজিস্ট্রেসি চালানো হচ্ছে বলে উল্লেখ করে বিচারক বলেন, এজন্য দেওয়ানী আদালতগুলোর বিচারকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যাটর্নি জেনারেল নিম্ন আদালতে নতুন বিচারক নিয়োগ সংক্রান্ত গেজেট আদালতে উপস্থাপন করে বলেন, ইতোমধ্যে ৩শ' ৯০ জন বিচারক নিয়োগ করা হয়েছে। মাযদার হোসেন মামলার রায়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিম্ন আদালতে বিচারক নিয়োগের নির্দেশনা ছিল। ওই কমিশন না হওয়ার কারণে এতদিন এই নিয়োগ দেওয়া যায়নি।
গতবছর ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের সুযোগ-সুবিধা বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত বছরের ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশনা বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েকবার তাগিদ দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত বছরের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১২১৩ঘ.
bdnews24