ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেছেন, খাদ্য ঘাটতি মেটাতে জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের কোনো বিকল্প নেই। এ জন্য ব্যাপক জনসচেতনা সৃষ্টি করা প্রয়োজন।
বুধবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ইঞ্জিনিয়ার্স ডে, ২০০৮ উপলক্ষে 'প্রাকৃতিক দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ মহসিনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনের সাধারণ সম্পাদক খান মঞ্জুর মোর্শেদ।
অধ্যাপক ম. তামিম বলেন, "দেশের ৮০ হাজার হেক্টর কৃষিজমি অন্য খাতে ব্যবহৃত হচ্ছে। খাদ্য উৎপাদন বাড়ছে; কিন্তু একই সঙ্গে কমছে জমির উর্বরতা। অন্যদিকে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এ জন্য আগামী দিনে খাদ্য নিরাপত্তা সৃষ্টি করতে এখন থেকেই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি।"
মূল প্রবন্ধে হারুন অর রশিদ বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে বলেন, "সেচের ব্যবহার করা গেলে খরা মৌসুমেও উৎপাদন সম্ভব। এছাড়া বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করে অনেকাংশে বন্যাও নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে ফসল রক্ষা করা মোটেই সম্ভব নয়।"
এ জন্য তিনি দুর্যোগের পরে খাদ্য নিরাপত্তা সৃষ্টি করতে তাৎক্ষণিক চাষাবাদের ওপর গুরুত্ব দেন।
হারুন অর রশিদ আরও বলেন, " দেশের একেক অঞ্চলের জলবায়ু দেখেই সে সব অঞ্চলে কী ধরণের ফসল উৎপাদন করা হবে, তা নির্ধারণ করা প্রয়োজন।"
কৃষি বাজার নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে কৃষক চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলবে বলে তিনি সতর্ক করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/২১৪৩ ঘ.
bdnews24