২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে রিটের চূড়ান্ত শুনানি দু'দিন মুলতবি

যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা রিটের ওপর চূড়ান্ত শুনানি দুই দিন মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা রিটের ওপর চূড়ান্ত শুনানি দুই দিন মুলতবি করেছে হাইকোর্ট। রোববার নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক রিটটির শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ শুনানি মুলতবির আদেশ দেন। শাহদীন মালিক বলেন, "গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন আমাকে এ মামলার আইনজীবী নিয়োগ করেছে। তাই শুনানির প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন।" ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে মাসুদ রেজা সোবহান গত ২৪ জানুয়ারি হাইকোর্টে এই জনস্বার্থ রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না আদালত গত ২৭ জানুয়ারি তার কারণ জানতে চায়। পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনের সচিব ও আইন সচিবকে কারণ দর্শাতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/২১২৫ ঘ.