দিনাজপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরল উপজেলার ধামৈর এলাকায় সোমবার দুপুরের দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও রেলপথে একটি যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ২৫ যাত্রী আহত হয়েছেন।
এদের মধ্যে তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মঞ্জুরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত কাঞ্চন মেইল ট্রেনটি ঠাকুরগাঁও থেকে পার্বতীপুর যাচ্ছিল। দুপর ২টা ২৫ মিনিটে বাজনাহার-কাঞ্চন রেলস্টেশনের মাঝামাঝি ধামৈর এলাকায় পৌঁছার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঞ্জুরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার নাগাদ উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৬ ঘ.
bdnews24