২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় পুরনো জাহাজ ভাঙার প্রতিষ্ঠানের দুই শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় পুরনো জাহাজ ভাঙার প্রতিষ্ঠানের দুই শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। রোববার সন্ধ্যায় নামব্রিন এন্টারপ্রাইজ নামের শিপইয়ার্ডে শ্রমিকরা সিলিন্ডারটি কাটার সময় তা বিস্ফোরিত হয়। সিলিন্ডারে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আব্দুল মাজেদ (২৮) ও আব্দুর রাজ্জাক (২৭) নামের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। মাজেদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। রাজ্জাকের বাড়ি একই জেলার নোয়াপাড়া গ্রামে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বরত উপ পরিদর্শক আসাদুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সীতাকুণ্ডে কর্মরত একটি দৈনিকের প্রতিনিধি মেজবাহউদ্দিন চৌধুরী মিঠু নামব্রিন এন্টারপ্রাইজের শ্রমিকদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় একটি স্ক্র্যাপ জাহাজের সিলিন্ডার কাটার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে সিলিন্ডারে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে মাজেদ ও রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৩৬ ঘ.