ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের 'অশোভন আচরণের' প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত আদালত বর্জন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে সংবাদকর্মীরা আদালতের বাইরে অবস্থান করে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানির সংবাদ সংগ্রহ করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ডিসি প্রসিকিউশন আক্কাস উদ্দিন ভুঁইয়া এবং এসি প্রসিকিউশন মকবুল হোসেনকে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।
শুনানির শুরুতে বিচারক মো: ফিরোজ আলম সাংবাদিকদের আদালত বর্জন প্রসঙ্গে বলেন,"গত একবছর ধরে এ আদালতের শুরু থেকেই সাংবাদিকরা কাজ করছেন। তারা শুধু দেশবাসীকেই নয়, সারা বিশ্বকে আমাদের কর্মকান্ডের খবর জানাচ্ছেন। তাদের বসার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সবার।"
সকাল পৌনে ১১টায় শেখ হাসিনা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন,"সাংবাদিকরা আদালতে না থাকলে তা 'ওপেন ট্রায়াল' হবেনা। এটি হবে 'ক্যামেরা ট্রায়াল'।"
গত ১৫ এপ্রিল ওই দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করলে তারা এজলাস ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/১২০৬ঘ.
bdnews24