২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর দিবস বৃহস্পতিবার

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বৃহস্পতিবার। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরে কালের সাক্ষী এক আম গাছের নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মেহেরপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বৃহস্পতিবার। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরে কালের সাক্ষী এক আম গাছের নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য মুজিবনগরকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তৎকালীন বৈদ্যনাথ বাবুর আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবেও ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। খন্দকার মোশতাক আহমেদ আইন, সংসদীয় ও পররাষ্ট্র দপ্তর; কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং মনছুর আলী অর্থ দপ্তরের দায়িত্ব পান। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পান কর্নেল এম এ জি ওসমানী। সেদিনের ঐতিহাসিক মুহূর্তে দেশ-বিদেশের শত শত সাংবাদিকের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। তিনিই গণপ্রাজতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পড়ান। মেহেরপুরের ১২ জন আনসার সদস্য নবগঠিত সরকারকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়েছিল মেহেরপুর ও মুজিবনগরের এক ঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর সহযোগিতায়। যে ১২ জন আনসার সেদিন জাতীয় নেতাদের গার্ড অব অনার দিয়েছিলেন তাদের ছয়জনের শেষ জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। এরা হলেন ইয়াদ আলী, মফিজ উদ্দীন, নজরুল ইসলাম, কিছমত আলী, মহি উদ্দীন ও ফকির মুহাম্মদ। বাকি ছয় আনসার আজিম উদ্দীন শেখ, লিয়াকত আলী, সিরাজুল ইসলাম, হামিদুল ইসলাম, সাহেব আলী ও অহির মল্লিক এখনো বেঁচে আছেন। দিবসটি পালনের জন্য বৃহস্পতিবার মুজিবনগরে যাবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ কেন্দ্রীয় নেতারা। সকালে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করার কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের। এদিকে বুধবার এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মুজিবনগরের বিপ্লবী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে জিল্লুর রহমান মুক্তিযুদ্ধের মহত্ত্বর অর্জন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কারাবন্দি শেখ হাসিনার মুক্তিও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৬২৬ঘ.