২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মৈত্রীর সীমান্ত পারাপার

অবশেষে ৪৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। মৈত্রী এক্সপ্রেসের চলাচলের মধ্য দিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে স্থাপিত হলো রেল যোগাযোগ। সোমবার সকাল ঠিক সাড়ে ৮টায় কলকাতার উদ্দেশে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন ছেড়েছে মৈত্রী এক্সপ্রেস। চলার পথে নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই মৈত্রী এখন রয়েছে ভারতের পথে। বিকেল পৌনে পাঁচটায় দর্শনা ছেড়ে ভারতের গেদে রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী। এদিকে কলকাতা থেকে সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয় । বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের কলকাতা প্রতিনিধি জানান, বিকেল পৌনে পাঁচটায় কলকাতার মৈত্রী ঈশ্বরদীতে পৌঁছেছে। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে ৪৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। মৈত্রী এক্সপ্রেসের চলাচলের মধ্য দিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে স্থাপিত হলো রেল যোগাযোগ। সোমবার সকাল ঠিক সাড়ে ৮টায় কলকাতার উদ্দেশে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন ছেড়েছে মৈত্রী এক্সপ্রেস। চলার পথে নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই মৈত্রী এখন রয়েছে ভারতের পথে। বেলা ১২ টায় মৈত্রী এক্সপ্রেস পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর এ ভূখণ্ডের সঙ্গে ভারতের সরাসরি রেল চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন দশক পর সেই রেল যোগাযোগ পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে ২০০৮ সালে এসে তা আলোর মুখ দেখলো। গত ১১ এপ্রিল রেল চলাচল শুরুর লক্ষ্যে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। সে অনুযায়ী বাংলা নতুন বছরের শুরুর দিন থেকে শুরু হয় মৈত্রীর চলাচল। সাড়ে চারশরও বেশি যাত্রী নিয়ে সকালে কলকাতা পানে রওনা হয় মৈত্রী এক্সপ্রেস। ১৪ ঘণ্টা পর এটি কলকাতা পৌঁছবে। আর কলকাতায় মৈত্রীকে স্বাগত জানাতে ভারতের অন্তত তিন জন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ শুরু উপলক্ষে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ছিল উৎসবের আমেজ। বাংলা নতুন বছর শুরুর দিনে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা নতুন মাত্রা জোগায়। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান স্টেশনে উপস্থিত থেকে মৈত্রী এক্সপ্রেসকে বিদায় জানান। ছিলেন এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু, যুক্তরাজ্যের হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীও। যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এটা বাংলাদেশ ও ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। এ ট্রেন চলাচল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে।" পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "পহেলা বৈশাখে ট্রেন যাত্রা একটি শুভ সূচনা। এই রেল চলাচল দুই দেশের জনগণের মধ্যে মানসিক যোগাযোগ স্থাপনেও ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে দুই দেশের মানুষের পারস্পরিক নেতিবাচক মনোভাব দূর হয়ে বন্ধন আরও গাঢ় হবে বলে আমি আশা করি।" শিক্ষা উপদেষ্টা বলেন, "আমরা ঐতিহাসিকভাবেই পরস্পর সম্পর্কে নেতিবাচক মনোভাব পেয়েছি। এই রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক নেতিবাচক মনোভাব পরিবর্তন হবে।" আনোয়ার চৌধুরী বলেন, "এই ঘটনা দুটি দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এর মধ্য দিয়ে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে। বাড়বে ব্যবসা-বাণিজ্যও।" পিরাকরঞ্জন চক্রবর্তী বলেন, "এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ভবিষ্যতে এ ধরনের আরও ট্রেন চালু হবে, ইনশাল্লাহ।" ট্রেনের যাত্রী কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, "এই ট্রেনের মাধ্যমে দুই দেশের মানুষের অন্তরঙ্গতা বাড়বে। দুই দেশের রাজনীতিবিদদের প্রতি আমার আহ্বান থাকবে, এই ট্রেনকে যেন রাজনীতির উর্ধ্বে রাখা হয়।" যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল, ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদ উল্লাহসহ এক দল সাংবাদিক মৈত্রী এক্সপ্রেসে চড়ে ভারত যাচ্ছেন। এ টি কে এম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মৈত্রী এক্সপ্রেসকে স্বাগত জানাতে কলকাতা স্টেশনে সে দেশের বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন।" ট্রেনের নিরাপত্তায় দুই দেশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। নিরাপত্তার বিষয়টি উদ্বেগের কারণ হয় রোববার ভারতের নদীয়া জেলায় রেল লাইনের পাশ থেকে হাতে তৈরী চারটি বোমা উদ্ধার করার পর থেকে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, সন্ধ্যায় নদীয়ার বঙ্কিমনগর স্টেশনের কাছে রেললাইনের মাত্র ৮ ফুট দূরে একটি ঝোঁপ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। ভারতীয় রেল পুলিশ বোমাগুলো সরিয়ে নিয়ে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কলকাতা রেলওয়ের (নিরাপত্তা) মহাপরিদর্শক দীলিপ মিত্র পিটিআইকে বলেন, "বোমাগুলো হাতে তৈরি। আতঙ্ক সৃষ্টির জন্যই সেগুলো ওখানে রাখা হয়েছিল।" ভারতে রেল লাইনের পাশে বোমা পাওয়ার বিষয়ে ট্রেনযাত্রী সাংবাদিকদের প্রশ্ন করলে পিনাক রঞ্জন চক্রবর্তী বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলে, "নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।" এদিকে ইতিহাসের সাক্ষী হতে যাওয়া কলকাতাগামী ট্রেনযাত্রীরা সকাল ৬টা থেকেই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসতে শুরু করেন। মৈত্রীর যাত্রা উপলক্ষে স্টেশন উৎসবের আমেজে নতুন মাত্রা দেয় বাউল গান। একদল বাউলের গানের সঙ্গে হুয়া দু ও আনোয়ার চৌধুরীকেও নাচতে দেখা যায়। পুরো ট্রেনটি সাজানো হয় ফুল দিয়ে। ভোরে ট্রেন যাত্রীরা স্টেশনে পৌঁছলে কাস্টমস কর্মকর্তারা পাসপোর্ট দেখে একে একে তাদের স্টেশনে ঢুকতে দেন। ওই সময় তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। তবে নিরাপত্তার জন্য এ ধরনের ব্যবস্থায়ও তাদের উৎসাহে কমতি ছিল না। বিপুল সংখ্যক উৎস্যুক জনতাও ওই সময় ভিড় জমায় ক্যান্টনমেন্ট স্টেশনে। এর মধ্যে সীমান্তে দর্শনা স্টেশনে কাস্টমস চেকিংসহ অন্যান্য কার্যক্রমে ছয় ঘণ্টা সময় ব্যয় হবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। রেল কর্মকর্তারা জানান, ঢাকা ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেসে মোট আসন রয়েছে ৪৯৮টি। এর মধ্যে ৩০২টি নন এসি সিট। বাকিগুলো এসি সিট ও বার্থ। প্রথম দিনের যাত্রায় ৩৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে নন এসি সিটের টিকিট বিক্রি হয়েছে ১৭৬টি। এসি আসনের সবগুলো সিটের টিকিটই বিক্রি হয়েছে। দুই দেশের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি ট্রেন ঢাকা-কলকাতা রুটে চলবে। প্রতি শনিবার একটি ট্রেন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। একই দিন অপর ট্রেনটি কলকাতা থেকে ঢাকায় আসবে। এর ভাড়া সর্বনিু আট ডলার এবং সর্বোচ্চ ২০ ডলার। বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘদিন পর গত ২০০১ সালের আওয়ামী লীগ সরকার কলকাতা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেয়। ওই সময় একটি পরীক্ষামূলক ট্রেনও চলে। ওই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর ওই প্রক্রিয়া থমকে যায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুলাই মাসে ট্রেন চলাচল শুরুর লক্ষ্যে পুনরায় উদ্যোগ নেয়। তবে দুই দেশের মধ্যে মতদ্বন্দ্ব দেখা দেয় যখন ভারত জিরোলাইন থেকে তার অংশে রেলপথে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দেয়। বাংলাদেশের পক্ষ থেকে এতে আপত্তি জানানো হয়। পরে দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় সাব্যস্ত হয়, জিরোলাইনের ১৫০ মিটারের মধ্যে কোনও বেড়া নির্মাণ করা হবে না। এর মধ্যে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ গত ফেব্র"য়ারির শেষ দিকে ভারত সফরের সময় সে দেশের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনি তখন ঘোষণা দেন, পহেলা বৈশাখ থেকেই ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর পর বেশ কয়েকদফা আলোচনার পর গত ১১ এপ্রিল চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সব কিছু চূড়ান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১১৪২ ঘ.