২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে রোববার সকালে ট্রেন-ট্রাক সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ট্রেনচালকসহ ১০ জন। ওই দুর্ঘটনার কারণে ঢাকা-বাহাদুরাবাদ রুটে রেল চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:36 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ময়মনসিংহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে রোববার সকালে ট্রেন-ট্রাক সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে ট্রেনচালকসহ ১০ জন। ওই দুর্ঘটনার কারণে ঢাকা-বাহাদুরাবাদ রুটে রেল চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। সকাল ৯টার দিকে গফরগাঁওয়ের মাইজহাতী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন জানিয়েছেন। স্থানীয়রা জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি সকাল ৯টার সময় মাইজহাতী এলাকা অতিক্রম করছিল। ওই সময় সেখানে অবৈধ লেভেল ক্রসিং দিয়ে একটি ট্রাকও পার হচ্ছিল। তখন ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাকের পেছনের অংশে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যায়। ওসি আমজাদ হোসেন জানান, নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম মিণ্টু (৩৮)ও আতিকুল (৩৫)। তাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে। দুর্ঘটনায় ট্রাকের ভাঙা অংশের আঘাতে ট্রেনের সামনের কাচ ভেঙে ট্রেনচালকসহ কয়েকজন আহত হন বলে আমজাদ হোসেন জানান। দুর্ঘটনার পর ট্রেনটি সেখানেই থেমে যায়। আহত ট্রেনচালক নাসির চাঁন, ফায়ারম্যান ফাইজুর রহমান, টিটি তাজুল ইসলাম, ট্রাকচালক এমরান এবং তার সহকারী হারেজকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-বাহাদুরাবাদ রুটে রেল চলাচল বন্ধ ছিল। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/এমআই/১৩৪২ ঘ.