চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে মঙ্গলবার রাতে একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে টাকা লুট করে পালিয়ে যাবার সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করেছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়েছে। তাতে বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গেছে।
আটককৃতের নাম মোহাম্মদ মুকিত ওরফে রতন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায়।
পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবীবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অলংকার মোড়ের মোহাম্মদ নাভেদের ফোন-ফ্যাক্সের দোকানে সিএনজি অটো রিকশা নিয়ে চার-পাঁচ জন ছিনতাইকারী হানা দেয়। তারা অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় দোকানদাররা ধাওয়া করে অটোরিকশাসহ ছিনতাইকারী মুকিতকে আটক করে। অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে অটোরিকশাসহ মুকিতকে পুলিশে সোপর্দ করা হয় বলে হাবীবুর রহমান জানান। তিনি জানান, অটোরিকশা থেকে একটি এলজি, একটি এইট এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে লুট হওয়া টাকার বিষয়ে পুলিশ সঠিক কোনও তথ্য দিতে পারেনি। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা হাবীবুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১৭ ঘ.
bdnews24