২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চ বঙ্গভবন যাবে না আওয়ামী লীগ

২৬ মার্চ বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবে না আওয়ামী লীগ। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২৬ মার্চ বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবে না আওয়ামী লীগ। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, "আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে অনুষ্ঠানে জামাত ও যুদ্ধাপরাধীরা যাবে সে অনুষ্ঠানে আমরা যাবো না। এ জন্যই ২৬ মার্চ আমরা বঙ্গভবনে যাবো না।" সবার আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে আশরাফুল ইসলাম বলেন, "কথা বন্ধ করে, টালবাহানা বন্ধ করে জাতীয় নির্বাচনের ব্যাপারে মনোনিবেশ করুন।" আগামী ২৯ মার্চ দলটির কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, প্রত্যেক বিভাগের অন্তর্ভূক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় আমন্ত্রণ জানানোর বিষয়ে ওই দিন সিদ্ধান্ত হবে। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে অবিলম্বে কানের চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর দাবি জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "নেত্রীর যখন চিকিৎসার প্রয়োজন তখন তাকে বিদেশে পাঠাতে হবে। উনি (হাসিনা) বধির হয়ে গেলে ছয় মাস পরে তাকে বিদেশে পাঠিয়ে কোনো লাভ নেই।" আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সংস্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও আমরা বসবো।" তিনি আরো বলেন, "সংস্কার তো এখন একটা 'ডার্টি ওয়ার্ড' হয়ে গেছে।" শেখ হাসিনার মুক্তির দাবি তোলার ব্যাপরে কর্মীদের কোন চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "নেতাকর্মীদের আবেগকে আমরা সমর্থন করি। আবেগ প্রকাশ করা দোষের কিছু নয়। নেত্রীর মুক্তির বিষয়ে দলে কোনো রকম দ্বিমত নেই।" বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, আসাদুজ্জামান নূর, আব্দুল মান্নান খান, নাজমা রহমান, হাবিবুর রহমান সিরাজ, ড. হাসান মাহমুদ, নূরুল ইসলাম নাহিদ, নূহ-উল-আলম লেনিন, ডা. দীপু মণি, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ড. আব্দুর রাজ্জাক, বিএম মোজাম্মেল হক প্রমুখ। আজকের (বৃহস্পতিবারের) মধ্যেই ট্রেড ইউনিয়ন অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সরকার ট্রেড ইউনিয়ন অধিকার নিষিদ্ধ করেছে। বিদেশীরাও আমাদের কাছে জানতে চাচ্ছে - কেনো ট্রেড ইউনিয়ন অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না।" জরুরি অবস্থার মধ্যে ট্রেড ইউনিয়ন করা নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/