চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দুই নম্বর গেইট এলাকায় মঙ্গলবার দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত এবং একজন আহত হয়েছেন। দুই কর্মকর্তা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। তবে তাদের কাছ থেকে টাকা নিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
আটক ছিনতাইকারীদের কাছ থেকে একটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি এবং ছিনতাইকাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
নিহত ছিনতাইকারীর নাম মোহাম্মদ বাবুল (৩৫)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আহত অপর ছিনতাইকারীর নাম কামাল হোসেন (৩০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার মুন্সী মিয়ার ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জহির আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে আবুল খায়ের গ্র"পের একটি পরিবেশক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা নুরুল আলম ও মো. সুমন তাদের কার্যালয়ের কাছাকাছি দুই নম্বর গেইট সংলগ্ন সাউথ ইস্ট ব্যাংকে এক লাখ টাকা জমা দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী ব্যাংকের সামনে তাদের পথরোধ করে টাকার প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা দুজনকে জাপটে ধরে ফেলে। পরে পথচারী ও লোকজন এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এতে বাবুল ঘটনাস্থলে নিহত এবং কামাল আহত হন।
পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মাহবুব মিল্কী জানান, টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং আহত ছিনতাইকারীকে জনতার হাত থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি গুলিভর্তি পাইপগান এবং একটি মোটর সাইকেল উদ্ধার করে। ছিনতাইকারীরা টাকা লুট করতে পারেনি বলে তিনি জানান।
ওই পুলিশ কর্মকর্তা জানান, জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া অপর দুই ছিনতাইকারীর মোটর সাইকেলটিও পুলিশ জিইসি মোড়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে উদ্ধার করে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24