ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
যশোর সদর উপজেলায় ইট বোঝাই একটি ট্রাক উল্টে মারা গেছেন ইট ভাটার দুই শ্রমিক। নড়াইলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বাস চালকের সহকারী।
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সারোয়ার জাহান রূপা (৩৫) ও তার শিশুকন্যা সারা (৭), আব্দুল মজিদ (৬০) এবং দরিরামপুরের মোহাম্মদ আলী (৬০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারাপদ সিকদার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগানে ময়মনসিংহগামী একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যাত্রীসহ টেম্পুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সারা মারা যায়। আহত হন সাতজন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারোয়ার জাহান রূপা ও আব্দুল মজিদ মারা যান। পরে হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়।
যশোর প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইট ভাটার শ্রমিকদের বহনকারী ট্রাকটি চাপাতলায় বাঁক ঘুরতে গিয়ে উল্টে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ওপরে থাকা ইটে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম (৩৫) ও আব্দুল আলীম (২০)। তাদের বাড়ি মনিরামপুরের শরনপুর গ্রামে। কোতোয়ালি থানার ওসি আবুল বাশার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। এদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় যশোর আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত শ্রমিক মুকুল আলী (৩০) ও বসির আহমেদ (৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জান্না, শুক্রবার সকালে তারা আমদাবাদ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে তারেক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তারেক যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের মৃত জাফর সরদারের ছেলে। তিনি ওই বাসের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে শহরতলীর সীমাখালী এতিমখানার সামনে এই দূঘর্টনা ঘটে। যশোর থেকে কালনাগামী সোনালী পরিবহনে (যশোর ব-০-৭৮) ওঠার সময় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তারেক।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24