চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।
তারা বর্তমান সরকারের কাছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, গত কয়েক মাসে তাদের ওপর যে নির্যাতন হয়েছে যুদ্ধপরাধীদের বিচার হলে সে দুঃখ ভুলে যাবেন তারা। দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান তারা।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ডিসি হিলে একুশ মেলা পরিষদের মঞ্চে এক সংবর্ধনার জবাবে কারামুক্ত শিক্ষকরা এ কথা বলেন। তারা শিক্ষক ও ছাত্রদের কারামুক্তিকে বিজয় হিসাবে উল্লেখ করেন।
ঐক্যবদ্ধ নাগরিক মঞ্চ আয়োজিত কারামুক্ত শিক্ষকদের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান ও অধ্যাপক মলয় ভৌমিক।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক-গবেষক ড. মুনতাসীর মামুন, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, চট্টগ্রাম বিশবিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. আবু ইউসুফ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ফারুক বক্তব্য রাখেন।
ড. আনোয়ার হোসেন বলেন, "শিক্ষকরা কোনো অন্যায় করেননি। আমরা বিপন্ন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা মাথা নত করিনি।"
তিনি বলেন, কোন ভিত্তি ছাড়াই দেশে একবছরেরও বেশি সময় ধরে দেশে জরুরি অবস্থা চলছে। তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
অধ্যাপক সাইদুর রহমান অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। তিনি বলেন, এসব ঘৃণ্য পাপীদের বিচার করার এটিই উপযুক্ত সময়। কেননা এ দাবিতে পুরো দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
অধ্যাপক মলয় ভৌমিক অন্যায় কাজের প্রতিবাদ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোকে কর্তব্য বলে মন্তব্য করেন।
গ্রেপ্তারের পর থেকে মুক্তির আগ পর্যন্ত নির্যাতনের কাহিনী বর্ণনা করে তিনি বলেন, "এ সরকার যদি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে তাহলে এসব দুঃখও তুচ্ছ হয়ে যাবে।" তিনি দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24