বরগুনা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার চারটি গ্রামের উপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া টনের্ডোতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। টর্নেডোর কবলে পড়ে ডুবে গেছে চারটি ট্রলার। নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।
আকস্মিক টর্নেডোতে বাইনসামের্ত, পরীরখাল, লতাকাটা ও নিশানবাড়িয়া এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।
এছাড়া বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন পাঁচজন।
এদের মধ্যে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আলিশ্যার মোড় এলাকার শাহজাহান (৪০) ও জয়নাল গাজী (৩০) বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান টর্নেডো বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
আমতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে তালতলীর ছখিনা এলাকা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এফ বি তরুণ, এফ বি অমর ও এফ বি হরিদাস নামের মাছ ধরার তিনটি ট্রলার ডুবে গিয়েছে। এ পর্যন্ত ৩৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে বৃহস্পতিবার চারটা পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।
এরা হলেন- সুকুমার সরদার (২৭), রতন বিশ্বাস (২৫) ও লক্ষ্মীকান্ত (৩০)। এদের বাড়ি সাতক্ষীরা জেলার তালতলীর নলবুনিয়ায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রূহুল আমিন জানান, পাথরঘাটার হাতেমপুর গ্রামের সিরাজ মাঝির এম এল ভাই ভাই নামের কার্গোটি প্রায় অর্ধ কোটি টাকার পণ্য বোঝাই করে খুলনা থেকে পাথরঘাটা আসার পথে রূপসা নদীতে ডুবে গেছে। তবে কেউ মারা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24