অজিত কুমার মহলদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজুড়ে অসংখ্য শহীদ মিনারে ফুল ও পুষ্পস্তবক অর্পণ করে একুশের মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে দেশবাসী।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য সংগঠনের পাশাপাশি সুশৃঙ্খলভাবে সারিবেধে হাজারো আবালবৃদ্ধবনিতা ভাষা শহীদদের প্রতি হৃদয়ের ভালোবাসা উজাড় করে দেন হাতের ফুলের গুচ্ছটির মাধ্যমে।
বুধবার মধ্যরাতের প্রথম প্রহর থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলতে থাকায় শহীদ মিনার ছেয়ে গেছে ফুলে ফুলে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে ফুল দেওয়ার পর শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই ছুটছেন কাছেই বাংলা একাডেমির অমর একুশে বইমেলায়। একুশের দিন বলে আজই (বৃহস্পতিবার ) সেখানে হওয়ার কথা মেলার সবচেয়ে বেশি ভিড়। শহীদদের স্মরণে শোকের দিন হলেও শহীদ মিনার ও আশেপাশের এলাকায় মানুষের ভিড়ে বরাবর এ দিনটির জনসমাগম উৎসবের রূপ নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রাজধানীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার জন্য প্রচুর লোকসমাগম হয় একুশের 'প্রথম প্রহর' থেকেই । বুধবার রাত প্রায় তিনটা পর্যন্ত এই সমাগম অব্যাহত থাকে।
জগন্নাথ হলের সামনে নিরাপত্তার জন্য বসানো মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে পুস্পস্তবক নিয়ে যেতে অসুবিধা হওয়ার কারণে মানুষজন ডিটেক্টরের মধ্যে দিয়ে না গিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে চলে যায়। পরে রাত পৌনে একটার দিকে মেটাল ডিটেক্টর সরিয়েই নেওয়া হয়।
আবার ভোর ছয়টা থেকে নতুন করে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ করতে আসা মানুষের ঢল।
অমর একুশে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন করেছে সংগঠনগুলো। টিএসসিতে চলছে সন্ধানী, বাঁধন, রোটার্যাক্ট, কোয়ান্টামসহ বিভিন্ন সংগঠনের রক্তদান ও সংগ্রহ কর্মসূচি।
চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীদের চিত্রকর্ম নিয়ে চলছে 'ইল্যিউশন' শিরোনামে প্রদর্শনী।
পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে '১০ম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র' উৎসব চলছে। এতে একুশে ফেব্র"য়ারি উপলক্ষে দেখানো হয় বাংলাদেশের 'লাল গোলাপ', 'এপিটাফ', মেক্সিকোর 'মাদার লাভ', আজারবাইজানের 'হাউজ', গ্রীসের 'মাই ডল', কানাডার 'জাস্ট মাই লাক' প্রভৃতি ছবি।
এছাড়া পাবলিক লাইব্রেরির চত্বরে শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে কবি ও বাউল গানের আয়োজন করা হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে 'মা-মাটি' আয়োজন করে বনসাই, কাঠের ও মাটির ভাস্কর্য ও ছবি প্রদর্শনীর।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের সামনে 'কাদামাটি' নামের একটি সংগঠনের উদ্যোগে গানের আসর বসে।
এছাড়া ছাত্র ফেডারেশন টিএসসির সড়ক দ্বীপে ১৯৫২-২০০৭ সাল পর্যন্ত সেনা বাহিনীর নির্যাতনের বিভিন্ন পোস্টার নিয়ে প্রদর্শনীর আয়োজন করে।
বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান আর শহীদ মিনার থেকে বইমেলামুখী মানুষের স্রোতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাই এদিন যেন মেলায় পরিণত হয়।
বেশ কিছু বিদেশিকেও দেখা গেল এই মানুষের মেলার উত্তাপ উপভোগ করতে। ইতালির নাগরিক রবার্টো মরিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাষা দিবসে আসতে পেরে বাংলা ভাষার প্রতি বাঙালির যে মমত্ববোধ তা উপলব্ধি করতে পারছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/কিউএইচ/এসকে/২১৩২ ঘ.
bdnews24