ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অকাল প্রয়াত অভিনেতা মান্নার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের সঙ্গে এফডিসিতে সোমবার পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। লাশ এখনো এফডিসিতেই রয়েছে।
সকালে প্রয়াত এই অভিনেতার লাশ দেখতে রাজধানীর তেজগাঁও এলাকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ভক্তরা ভিড় জমায়। এ সময় তারা এফডিসিতে ঢুকতে চাইলে পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত ভক্তরা করপোরেশনের ফটকে ঢিল ছুঁড়ে ও ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়ে। এ সময় উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তারা "মান্না ভাই জিন্দাবাদ" স্লোগান দেয়।
এর আগে সকাল ১১টা ও সাড়ে ১১টায় এফডিসি চত্বরে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাশেষে অভিনেতা মান্নার মরদেহ শহীদ মিনারে জনসাধারণের জন্য রাখার কথা রয়েছে।
রোববার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মান্না মারা যান। তার পুরো নাম এ এস এম আসলাম তালুকদার।
শহীদ মিনার থেকে তার লাশ দাফনের জন্য টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/কিউএইচ/এএল
bdnews24