নাটোর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের লালবাজার মহল্লায় শনিবার প্রভাবশালীরা 'আমাদের সময়' পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদকের বাড়ির জমি দখল করে নিয়েছে। দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা বাড়িতে হামলা চালিয়ে তার বৃদ্ধ মাকে বেদম মারপিট করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী জানান, লালবাজার মহল্লার মুনছুর মাষ্টারের সঙ্গে 'আমাদের সময়' পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক দীপংকর লাহিড়ীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে মুনছুর মাষ্টারের লোকজন টিনের বেড়া দিয়ে ওই সাংবাদিকের বাড়ির কিছুটা জায়গা দখল করে নেয়। শনিবার দুপুরে ওই বেড়া উচ্ছেদ করতে গেলে মুনছুর মাষ্টারের লোকজন দীপংকরের বাড়িতে হামলা চালায় এবং তার মা মঞ্জুরী লাহিড়ী হাঁসুকে বেদম মারপিট করে। দখলকারীরা তার বাড়ির কিছু ঢেউটিন ও ব্যবহারী মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুনছুর মাষ্টারের ছেলে রাকিব ও স্ত্রী ফাতেমাকে আটক করে থানায় নিয়ে যায়। মঞ্জুরী লাহিড়ীকে গুরুতর অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনি মুনছুর মাষ্টারসহ তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার শাহ আবু সালেহ গোলাম মাহমুদ।
অভিযুক্ত মুনছুর মাষ্টার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার লোকজন আদৌ সাংবাদিকের বাড়িতে হামলা চালায়নি। তবে নিজেদের জায়গা তারা বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৪ ঘ.
bdnews24