২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার কাইয়ুমের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চায় ডিসিসি

ঢাকা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কমিশনার মো. কাইয়ুম খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন মেয়র ও অন্য কমিশনাররা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কমিশনার মো. কাইয়ুম খানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন মেয়র ও অন্য কমিশনাররা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১২তম সাধারণ সভায় মেয়র সাদেক হোসেন খোকা কাইয়ুমকে গ্রেপ্তারের ঘটনা 'বিস্ময়কর' মন্তব্য করে বলেন, "হাইকোর্ট জামিন দেওয়ার পর জেলগেট থেকে তাকে আবার আটক করা হয়। কোন কর্তৃপক্ষ, সংস্থা বা ব্যক্তির পরামর্শে তাকে গ্রেপ্তার করা হলো এবং তার মৃত্যুকে ঘিরে সৃষ্ট রহস্য বের করা উচিত।" সভায় সিটির ওয়ার্ড কমিশনাররা কাইয়ুম খানকে 'হত্যা করা হয়েছে' অভিযোগ তোলেন। মেয়র খোকা এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, "বিচার বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটির গঠনের জন্য আমরা স্থানীয় সরকাররের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাব।" সভায় কমিশনার আজিজুল্লাহ বলেন, "কাইয়ুম খানকে মৃত অবস্থায় হাতকড়া পরিহিত হাসপাতালে আনা হয়।" আরেক কমিশনার আব্দুর রব খান বলেন, "মৃত অবস্থায় হাতকড়া পরিয়ে একজন নিরীহ জনপ্রতিনিধিকে হাসপাতালে এনে নাটকের অবতারণা করা হয়। এখন আমরাও আতঙ্কে আছি।" কাফরুলের ওয়ার্ড কমিশনার ও থানা বিএনপির নেতা কারাবন্দি কাইয়ুম খান গত ৮ ফেব্র"য়ারি মারা যান। এ ঘটনার তদন্তে পরদিন কারা কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি করে। ২০০৭ সালের ১৩ জানুয়ারি ওয়ার্ড কমিশনার কাইয়ুমকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে পুলিশ। প্রথম দফায় গ্রেপ্তারের পর উচ্চতর আদালতের আদেশে গত ১০ জানুয়ারি জামিনে তিনি মুক্তি পান। কিন্তু ১১ জানুয়ারি তাকে আবার জরুরি বিধিমালায় আটক করে পুলিশ। সভায় ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন, সচিব গোলাম মোস্তফা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এএল/