ফেনী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ফেনীতে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।
তিনি বলেন, "ফেনী ছাড়াও মেঘনাঘাট এলাকায় আরেকটি ইপিজেড স্থাপন করা হবে। এতে আমরা সবাই লাভবান হব।"
বৃহস্পতিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার রোডে ট্রাস্ট ব্যাংকের ৩১ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মইন এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল উ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সামছুল করিম মজুমদার।
বিশেষ অতিথি ইকবাল উ আহমেদ জানান, ক্ষুদ্র শিল্প থেকে বৃহৎ শিল্প, রপ্তানি বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ট্রাস্ট ব্যাংক। অচিরেই ব্যাংকটি মার্চেন্ট ব্যাংকিং চালু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২৬ ঘ.
bdnews24