২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা মোটরে আন্ডার পাস তৈরির সিদ্ধান্ত

ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাংলামোটরে একটি আন্ডার পাস ও বিমানবন্দরের স্টাফ রোডে একটি ওভারপাস নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাংলামোটরে একটি আন্ডার পাস ও বিমানবন্দরের স্টাফ রোডে একটি ওভারপাস নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত কমিটি। নিরবচ্ছিন্নভাবে রেল ও যানবাহন চলাচলের সুবিধার জন্য রাজধানীর ৭৭টি রেলগেটে ওভারপাস নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। রোববার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, কমিটি তাদের সুপারিশের সঙ্গে যানজটের কারণগুলো চি‎িহ্নত করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে এসব সমস্যা সমাধানের প্রস্তাবনাও পাওয়া গেছে। এসব প্রস্তাবনা লিখিতভাবে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। লিখিত প্রস্তাব পাওয়া গেলে পরবর্তী বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দেওয়া সনদের শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রোববারের বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে ওইসব এলাকায় নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সনদ না দেওয়ার জন্য ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। আনোয়ারুল ইকবাল বলেন, ঢাকা পরিকল্পিত শহর নয়। বিচ্ছিন্ন ও পরিকল্পনাহীনভাবে এখানে নগরায়ণ হয়েছে। একটি শহরের মোট এলাকার ২৫ শতাংশ সড়কের জন্য বরাদ্দ থাকার কথা থাকলেও ঢাকা মহানগরীতে রয়েছে মাত্র ছয় শতাংশ। তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে সরবরাহ করা পানির ৯৩ শতাংশই আসে গভীর নলকূপ থেকে। ফলে এ শহর প্রতিদিনই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। শিগগিরই পানির বিকল্প উৎস খুঁজে বের করা না গেলে ঢাকা শহরকে সরিয়ে নেয়ার জন্যই একদিন বিকল্প জায়গা খুঁজতে হবে। উপদেষ্টা বলেন, সড়ক ব্যবস্থাপনার সমন্বয় বাড়ানোর জন্য রিকশা অপসারণ ও স্বল্প ভাড়ায় বেশি যাত্রী বহনযোগ্য বাস নামানোসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। নতুন কিছু সড়ক নির্মাণের কথাও ভাবা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/জেকে/এমএইচবি/২৩০৭ ঘ.