চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী স্বপন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
২০০৬ সালের ৫ মার্চ ডলার ব্যবসায়ী সলিম উদ্দিন মজুরদার স্বপনকে হত্যা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আক্তার কামাল ওরফে আখতার হামিদ (৫০) এবং মোফাজ্জল হোসেন রাজু (২৪)। দুজনেরই বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। এদের মধ্যে আক্তার কামাল বর্তমানে কারগারে আছেন। রাজু পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা টাকা আত্মসাতের জন্য ছুরিকাঘাতে ডলার ব্যবসায়ী সলিম উদ্দিন মজুমদার স্বপনকে হত্যা করে।
তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দণ্ডবিধির ৩০২ এর ৩৪ ধারায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
২০০৬ সালের ৫ মার্চ রাতে ছয় হাজার ডলার বিক্রির কথা বলে আসামিরা ডলার ব্যবসায়ী স্বপন ও তার ভাগিনা আশরাফ হোসেন মিশুকে ডবলমুরিং থানাধীন নাজিরপুল এলাকায় আক্তার হামিদের বাসায় ডেকে আনে। সেখানে আখতার হামিদ ও রাজু উর্পযুপরি ছুরিকাঘাত করে ব্যবসায়ী স্বপনকে হত্যা করে এবং তাদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। মিশু পালিয়ে আত্মরক্ষা করেন।
ওই রাতে মিশু ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা ২০০৬ সালের ২ জুলাই অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
স্বপনের স্ত্রী মর্জিনা আক্তার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যায়ভাবে মাত্র কিছু টাকার লোভে তারা আমার স্বামীকে হত্যা করেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে আর কোন স্ত্রী স্বামী হারা এবং কোন সন্তান পিতৃ হারা না হন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24