চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতে ধূমায়িত পিঠা খাওয়া ব্যস্ত নগর জীবনে যেন অনেকটাই দূরাশা। তার ওপর হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পিঠা-পুলি। এই সব কিছু মাথায় রেখে শতায়ূ অঙ্গন নগরীর ডিসি হিলে আয়োজন করেছে পিঠা উৎসব।
শুক্রবার সকালে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় ইংরেজি দৈনিক পিপলস ভিউ'র উপ সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষক ড. ফাহমিদা খাতুন।
উৎসবের ২০টি স্টলে শতাধিক পিঠা প্রদর্শন এবং বিক্রি করা হয়। সুন্দরী, পাশ, শিম ফুল, খাজুয়া, আলু বেলি, মসুরি পাক্ষণ, বাটালি, গুলা, নারকেলের সন্দেশ, খাজাসহ নানা রকমের পিঠা দর্শকদের আকৃষ্ট করে।
বিকালে শতায়ু অঙ্গনের সভাপতি মানিক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপম সেন।
অন্যান্যের মধ্যে সাংবাদিক আবু তাহের মুহাম্মদ, মহিলা কমিশনার রেখা আলম চৌধুরী, অ্যাডভোকেট শংকর প্রসাদ দে বক্তব্য রাখেন।
বক্তারা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে গ্রাম বাংলার চিরায়ত লোক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১২ ঘ.
bdnews24