২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর রাস্তায় ব্যালট বাক্স, থানায় জমা দিলেন ভ্যানচালক

রাজধানীর বনানী এলাকার রাস্তায় শনিবার ভোরে দু'টি খালি ব্যালটবাক্স কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন এক ভ্যানচালক। বাক্সদুটি সরবরাহের জন্য নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে অলক্ষে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী এলাকার রাস্তায় শনিবার ভোরে দু'টি খালি ব্যালটবাক্স কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন এক ভ্যানচালক। বাক্সদুটি সরবরাহের জন্য নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে অলক্ষে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ভোর ৪টার দিকে কাকলী (বনানী) মোড় এলাকায় দু'টি ঢাকনা ছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স রাস্তায় পড়ে থাকতে দেখেন রুস্তম নামে এক ভ্যানচালক। বাক্সগুলো তিনি তেজগাঁও থানায় জমা দেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, "মনে হয় ট্রাক থেকে বাক্স দু'টি কোনোভাবে পড়ে গেছে। দুপুরে নির্বাচন কমিশনে বাক্স দু'টি হস্তান্তর করা হয়েছে।" তিনি জানান, বাক্স দু'টির নম্বর- বিইসি ০০৩৬৬৪ ও বিইসি ২৩০১৯৯। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহের সময় কোনো ফাঁকে বাক্স দুটি পড়ে গেছে। এ নিয়ে অন্য কোনও কিছু ভাবার অবকাশ নেই।" দেশে এবারই প্রথম কোনো নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে। ইউএনডিপি'র অনুদানে গত সেপ্টেম্বর ও অক্টোবরে ২ লাখ ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স হাতে পায় নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচসি/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.