ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও ২৪ ঘণ্টা চলতে পারে কুয়াশার দাপট। শুক্রবার সান্ধ্য বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর তেমন পূর্বাভাসই দিয়েছে। এদিন দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চল ছিল ঘন কুয়াশার দখলে। মেঘলা আকাশ আর কুয়শার সঙ্গে সঙ্গে শীতও জাঁকিয়ে বসতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা কেটে গেলেই বৃষ্টি হতে পারে। এ মাসের শেষ নাগাদ দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুল মান্নান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশা আরও ২৪ ঘণ্টা থাকতে পারে। পরবর্তীতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যাবে, শীতও বাড়বে।"
তিনি বলেন, এ মুহূর্তে বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ বেশি। এ কারণে কুয়শা স্থায়ী হচ্ছে। আকাশও মেঘলা। বাতাসের গতি কম থাকায় কুয়াশা সরছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের নদী অববাহিকা সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট ছিল বেশি। এসব অঞ্চলে দিনভর সূর্যের দেখা মেলেনি। পূর্ব ও দক্ষিণাঞ্চলে কুয়াশা থাকলেও তা ছিল মাঝারী ধরনের।
এ মাসের শুরুতে আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল- মাসের শেষ নাগাদ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ১৩ দশকিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ সিলেটে, ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; সর্বোচ্চ ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৮২০ ঘ.
bdnews24