ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা- তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প (আইসিজি)।
বিশ্বে সংঘাত নিরসনে পরামর্শদানকারী স্বাধীন এ প্রতিষ্ঠানটির মতে, রাজনৈতিক পরিস্থিতি 'জটিল ও অস্থিতিশীল' থাকায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের উত্তরণের ক্ষেত্রে এখনও অনিশ্চয়তা কাটেনি।
এই আশঙ্কার কথা জানিয়ে শুক্রবার 'বাংলাদেশ: ইলেকশন অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। ওই প্রতিবেদন নিয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের মাধ্যমে জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসা আর গণতন্ত্রে উত্তরণ এক বিষয় নয়। তবে দুটোই (নির্বাচন ও গণতন্ত্র) দেশের স্থিতিশীলতার পূর্বশর্ত।
আইসিজির বিশ্লেষক মিশেল সাইখ বলেন, "নির্বাচন পেছানোর আলোচনা রাজনৈতিক নেতাদের জন্য কাম্য, কারণ তাদের নির্বাচনে হেরে যাবার ভয় রয়েছে। কিন্তু সময়মতো নির্বাচন অনুষ্ঠানের বাস্তবসম্মত কোনও বিকল্প নেই।"
আইসিজি বলছে, "নির্বাচনে যারাই জিতুক, সংসদকে কার্যকর করতে আগামী সরকার ও বিরোধী দলকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং এমন একটি সেনাবাহিনীর সঙ্গে বোঝাপড়া করতে হবে যারা রাজনীতিতে প্রভাব রাখতে চায়।"
"দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও জটিল ও অস্থিতিশীল। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরোধী অবস্থানে থেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।"
আইসিজির প্রতিবেদনে বলা হয়, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ অপেক্ষাকৃত শিথিল শর্তে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। অন্যদিকে বিএনপি কিছুটা অনিশ্চয়তায় রয়েছে। জরুরি অবস্থা প্রত্যাহার না করলে তারা নির্বাচনে অংশ না নেয়ার হুমকিও দিয়েছে। বিএনপির এই হুমকির কারণে ইতোমধ্যে নির্বাচনের তারিখ এক দফা পিছিয়েছে।
এছাড়া আরও কিছু কারণ নির্বাচন ও পরবর্তী পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে ক্রাইসিস গ্র"প।
তাদের আশঙ্কা, কারচুপির অভিযোগে কোনও রাজনৈতিক দল নির্বাচন বয়কট করতে পারে অথবা রাজনৈতিক সহিংসতা তৈরি হতে পারে। পদ্ধতিগত সমস্যা, ভোটার নাম্বার ও তালিকা, ব্যালট পেপার নিয়ে ভোটগ্রহণের দিন সমস্যা তৈরি হতে পারে। এতে অনেক আসনে হয়তো পুনঃভোটগ্রহণ করা হতে পারে।
নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের জন্য কয়েকটি সুপারিশও করেছে আইসিজি।
সুপারিশে বলা হয়, সরকারের পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ১৭ ডিসেম্বর জরুরি অবস্থা তুলে নেওয়া এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নাগরিক অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ না করা।
এছাড়া 'না' ভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ও এর কার্যকারিতা জানাতে এখন থেকেই নির্বাচন কমিশনের প্রচারণা শুরু করা উচিত বলে মনে করে আইসিজি। তারা আরও বলেছে, ভোটকেন্দ্রের ভেতরে নিরপত্তা রক্ষী মোতায়েন করে ভোটারদের ভীতি বাড়ানো ঠিক হবে না এবং নির্বাচন কমিশনকে দ্রুত যর্থার্থভাবে ফল প্রকাশ করতে হবে।
আইসিজি বলেছে, "নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক সমর্থনকে নিজেদের আচরণের পক্ষে সমর্থন হিসেবে রাজনৈতিক দলগুলোর দেখা উচিত হবে না, বরং সামরিক শাসনের বিরুদ্ধে এক ধরনের অবস্থান থেকেই এ আন্তর্জাতিক সমর্থন দেওয়া হচ্ছে।"
সংগঠনটি মনে করে, ২৯ ডিসেম্বর সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশে বেসামরিক শাসন ব্যবস্থার পুনর্বহাল হবে না।
আইসিজির দক্ষিণ এশিয়া অঞ্চলের উপ প্রকল্প পরিচালক রডরিক চালমার্স বলেন, "রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের ভোটগ্রহণ হয়ে গেলেই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাবলীল উত্তরণের জন্য তাদের কাজ করতে হবে এবং দেশ যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি তারা হবে, সেগুলোও মোকাবেলা করতে হবে।"
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্ক ম্যালোশ ব্রাউনের উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।
বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের মতো বহুজাতিক সংস্থাগুলোর বিভিন্ন আইন, অধ্যাদেশ, রাজনৈতিক পরিস্থিতি প্রভৃতি নিয়ে বিশ্লেষণ দেওয়ার কাজ করে এই প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএইচ/টিএইচ/এমআই/১১৫১ ঘ.
bdnews24