বান্দরবান, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের বালাঘাটায় এলাকায় শুক্রবার দুপুরে কুড়িয়ে পাওয়া গ্রেনেড বিস্ফোরণে দুই মহিলা নিহত হয়েছেন।
এরা হলেন- সালেহা বেগম (৩০) ও রোজিনা বেগম (১৭)।
নিহত সালেহা বেগমের স্বামী শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভাগ্নে বউ রোজিনা বেগম সকালে পার্শ্ববর্তী পাহাড়ী ঝিরিতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি কুড়িয়ে পান। চিনতে না পেরে এবং কৌতুহলবশত নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই রোজিনা ও তার স্ত্রী মারা যান।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোকাম্মেল জানান, দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পেছনে বালাঘাটা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণটি গ্রেনেডের ছিল বলে তিনি জানান।
এলাকার পারভিন আকতার ও জামাল উদ্দিন জানান, তারা বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন।
এসআই মোকাম্মেল জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.
bdnews24