ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মী-শ্রমজীবীরা শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রয়াত রাজনীতিক ও শ্রমিক নেতা নুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
বেলা পৌণে ১২ টায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ মিনারে আনা হয়।
বৃহস্পতিবার বিকালে গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ার ফ্ল্যাটে এক অগ্নিকাণ্ডে আসন্ন সংসদ নির্বাচনের মহাজোটের প্রার্থী নূরুল ইসলাম গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তার ছেলে তমহর ইসলাম (৩৬) মঙ্গলবারই মারা যান।
বাদ জুম্মা নুরুল ইসলামের প্রথম জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর দ্বিতীয় জানাজা হবে হাজারী বাগের লেদার টেকনোলজি কলেজ মাঠে। বিকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীরা সমবেত হয়। একে একে বিভিন্ন নেতারা মরহুমের কফিনের ওপর পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। কফিনের পাশে আমেরিকা থেকে সদ্য ফেরত কবি রুবী রহমান দাঁড়িয়ে আছেন স্তব্ধবাক। আমেরিকা সফরকালে কবি রুবী হারিয়ে ফেলেন স্মামী ও পুত্রকে।
কেন্দ্রীয় শহীদ মিনারের একটি মঞ্চে প্রথম তার কফিন এনে রাখা হয়। উত্তোলিত জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি অর্ধনমিত আছে দলীয় পতাকা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম,বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান,কৃষক দলের মাহবুবুল আলম তারা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, সাবেক উপাচার্য অধ্যাপক আজাদ চৌধুরী প্রমুখ নেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান।
শহীদ মিনারে কফিন আসার পর ঢাকা জেলা প্রশাসকের পক্ষ এই বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার দেন। এ সময়ে বিউগলে বেজে উঠে করুন সুর। জেলা প্রশাসকের পক্ষে ছিলেন ম্যাজেস্ট্রেট হাফিজুর রহমান। পরে ২৫ জন মুক্তিযোদ্ধার একটি দলও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে সামরিক কায়দায় সালাম জানান।
শহীদ মিনারে খোলা হয়েছে শোকবই।
বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে নুরুল ইসলাম মারা যান। সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তাররা এরপর তার লাইফ সার্পোট খুলে নেন। সিএমএইচ থেকে নুরুল ইসলামের লাশ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেয়া হয়।
এলাকায় শোক
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে মহাজোট মনোনীত প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুতে নির্বাচনী এলাকাসহ গোটা নোয়াখালীতে শোকের ছায়া নেমে আসে।
নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদে সকালে চাটখিলে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন উপজেলা সদরে মৌন মিছিল করে। বিকেলে এ নেতার মৃত্যু সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা শোক জানান। তার গ্রামের বাড়ি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা জাসদ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, জাসদ (ইনু) সভাপতি সলিম উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
শোক প্রকাশ
নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। বাংলদেশের স্বাধীনতা সংগ্রাম ও শ্রমিক অধিকার আদায়ে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন একজন ছাত্র ও শ্রমিক নেতা হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলন এবং মেহনতী মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রী শেখ হাসিনা। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুকে 'রহস্যজনক ' আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, 'তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা তার তদন্ত হওয়া একান্ত প্রয়োজন।
নির্বাচনে সব প্রার্থীরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
এছাড়া শোক জানিয়েছেন বিএনপির মহা সচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তথ্য মন্ত্রী তরিকুল ইসলাম ও এম সামসুল ইসলাম।
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24