ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- "আমি স্থায়ীভাবেই চলে যেতে রাজি আছি। ছুটিতো কোনও সমস্যাই নয়।"
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে হাসান মশহুদ চৌধুরী বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ঠিক করা হবে কি হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাজটা বাস্তবতার মাধ্যমেই হবে। এসব বড় কোনও বিষয় নয়।"
তিনি আরও বলেন, "যদি ইঙ্গিত দেওয়া হয় আপনাকে আর স্বাগত জানানো যাচ্ছে না তাহলে অন্য চিন্তা করা যাবে।"
পত্রিকাটির খবরে বলা হয়, হাসান মশহুদ চৌধুরীর নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্তের পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তদন্ত চলাকালে তাকে বাধ্যতামূলকভাবে ছুটি নিয়ে কমিশন কার্যালয় থেকে দুরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
দেশে চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রম সম্পর্কে হাসান মশহুদ চৌধুরী বলেন, কোনও পেশাকে বেছে নিলে হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেবলমাত্র ব্যবসায়ীদের দোষ দিলে হবে না। শুল্ক বিভাগের দায়িত্ব আছে। তবে ব্যবসায়ীরা কোনও না কোনও ভাবে জড়িত আছেন।"
সার্বিকভাবে সব পেশাতেই দুর্নীতি হচ্ছে বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা।
তিনি আরো বলেন, "আমাদের খেয়াল রাখতে হবে যেন বিষয়টি আনুষ্ঠানিকতায় পরিণত না হয়। দুর্নীতি দমনে বড় সমস্যা রয়ে গেছে।"
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচি উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানান, ৪ ডিসেম্বর বড় একটি শোভাযাত্রা হবে। ৫০টির বেশি সংস্থাকে কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
২০০৪ সাল থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদের ছুটির কারণে এবার কর্মসূচি এগিয়ে আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, "জাগো মানুষ, দুর্নীতি প্রতিরোধে জাগো" এ শ্লোগান নিয়ে আয়োজিত শোভাযাত্রা বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।
এ উপলক্ষে ৫ ডিসেম্বর বিকেলে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৩০ঘ.
bdnews24