ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জেলা ও দায়রা জজ আদালতগুলোতে এক মাসের বাৎসরিক ছুটি শুরু হয়েছে।
২ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস এসব আদালত বন্ধ থাকবে। তবে দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতগুলো এই অবকাশকালীন ছুটির আওতাভুক্ত হবে না। এসব আদালতে নিয়মিত বিচারকাজ চলবে। সারাদেশের ম্যাজিস্ট্রেট আদালতগুলোও এই ছুটির আওতা-বহির্ভূত।
এদিকে অবকাশকালীন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার জন্য ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকার মহানগর দায়রা জজ আদালত, গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত এবং মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া এই তিন জেলার অবকাশকালীন জজ হিসাবে বিচারকাজ করবেন। চলতি মাসের ১৭, ১৮, ২২, ২৯ তারিখে এই বিচারক ঢাকার জেলা ও দায়রা জজ হিসাবে কাজ পরিচালনা করবেন।
এছাড়া ১৪,১৫, ২৩, ২৮ ডিসেম্বরে তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে কর্মরত থাকবেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে ৩, ৪, ২১ ডিসেম্বরে এবং মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ৭, ২৪, ৩১ ডিসেম্বরে বিচার কাজ পরিচালনা করবেন ওই বিচারক।
ঢাকার জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালতের নোটিশ বোর্ডে আইন মন্ত্রণালয় এ তথ্য সম্বলিত নোটিশ টানিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮০৩ঘ.
bdnews24