২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর হাতে নিহত রুশো হত্যার রায় ৩০ নভেম্বর

বহুল আলোচিত সামরিক কর্মকর্তা দম্পতির পুত্র এইচ এম আরিফুর রহমান রুশো হত্যা মামলায় আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণা করবেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত সামরিক কর্মকর্তা দম্পতির পুত্র এইচ এম আরিফুর রহমান রুশো হত্যা মামলায় আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণা করবেন আদালত। বুধবার উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. নুরুল হুদা রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। গত বছরের ২৪ মে দুপুরে ছিনতাইকারীদের হাতে ধানমন্ডির সাত মসজিদ সড়কের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিঃ (এন সিসি ব্যাংক) এর সামনের রাস্তায় রুশো খুন হন। তিনি ওই ব্যাংক থেকে ৪ লাখ ৪৫ হাজার টাকা তুলে ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় ফিরছিলেন। রুশোর বান্ধবী শাকরুনের বাবা জয়নুল আবেদীনও এসময় তার সাথে ছিলেন। টাকা তুলে জয়নুল ও রুশো তাদের গাড়িতে উঠতে গেলে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিতে চাইলে রুশো তাতে বাধা দেন। ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা রুশোর মাথায় গুলি করে টাকা ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। রুশোকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেদিনই সেখানে মারা যান। ছিনতাইসহ ওই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধানমন্ডি থানায় দায়ের করা এ মামলায় চলতি বছরের ১৯ ফেব্র"য়ারি র‌্যাব এর পুলিশ পরিদর্শক খান মো. হাসান মোস্তাফা এর উপপরিদর্শক ৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা হলো রাজু মিয়া ওরফে দুখু, কাজী আব্দুল আল মামুন ওরফে বাবু, জামাল খান, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম সহিদ, লিটন মিয়া, সিদ্দিকুর রহমান, আবুল হোসেন দীপু, জাকির সরদার। আসামিদের মধ্যে শেষের তিনজন পলাতক রয়েছে। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা আসামিরা সবাইকে পেশাদার ছিনতাইকারী হিসাবে উল্লেখ করেন। আসামি জামাল খান ও রাজু মিয়া দুখুর আইনজীবী খন্দকার আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'এ মামলায় ১৬৪ ধারায় দোষ স্বীকারকারী মূল অভিযুক্ত সিরাজ নামের এক ছিনতাইকারীকে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে অব্যাহতি দেওয়ার প্রার্থনা করলে আদালত সিরাজকে অব্যাহতি দিয়ে দেন।' মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জন এবং আসামিপক্ষকে ৩ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়। নিহত রুশোর বাবা হচ্ছেন, লে. কর্ণেল ডা. শফিকুল আলম এবং মা হচ্ছেন লে. কর্ণেল ডাক্তার আম্বুরী বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮২০ঘ.