২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলালকে সাময়িক বরখাস্ত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩১ অক্টোবর মনীন্দ্রলালকে একটি হত্যা মামলায় রাজধানী থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩১ অক্টোবর মনীন্দ্রলালকে একটি হত্যা মামলায় রাজধানী থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। রোববার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছায়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবু হাশিম ফ্যাক্সবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাজমা খানম স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় বলা হয়েছে- দায়িত্বে থাকা অবস্থায় হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় মনীন্দ্রলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কার্বারিও ফ্যাক্সবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনুপম ত্রিপুরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনীন্দ্রলাল ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১৪ জুলাই অনুপম ত্রিপুরার রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার গ্রেপ্তারকৃত চার আসামির জবানবন্দী অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছিল মনীন্দ্রলালকে। গত ১৬ নভেম্বর খাগড়াছড়ি জেলা জজ আদালত থেকে তিনি জামিন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.