ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) আশা প্রকাশ করে বলেছে, নির্বাচনে যত বেশি সম্ভব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার পথে বাধাগুলো তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত দূর করবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিআই) বুধবার এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ জানিয়েছে।
রাজধানীতে ওই সংবাদ সম্মেলনে এনডিআই পর্ষদ সদস্য স্যাম গেজেনসন বলেন, "সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনায় একটি বড় পদক্ষেপ।"
তিনি বলেন, "আর নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা না পেলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পিছিয়ে যাবে এবং সরকারে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বেড়ে যাবে।"
এখনো সবার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকার কথা উল্লেখ করে সাবেক কংগ্রেসম্যান গেজেনসন বলেন, " গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবার অংশগ্রহণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যাবশ্যক।"
এক প্রশ্নের জবাবে স্যাম বলেন, আগের চেয়ে এখনকার নির্বাচনী পরিবেশ অনেক ভালো।
গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের জন্য কিছু সুপারিশ করেছে এনডিআই।
নির্বাচন কমিশনকে দেওয়া সুপারিশের মধ্যে রয়েছে, প্রার্থীদের নির্বাচনী ব্যয় সম্পর্কে তথ্য ভালোভাবে যাচাই করা; নির্বাচনী পর্যবেক্ষকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় নির্বাচনী নীতিমালা অনুমোদন; মোবাইল ফোন ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা এবং এর বিকল্প নিশ্চিত করা; মুদ্রিত ও ডিজিটাল ভোটার তালিকা সরবরাহ করা যাতে সব রাজনৈতিক দল ও প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের কাছে যেতে পারে এবং সংখ্যালঘুদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা।
সরকারের জন্য সুপারিশ হলো, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখা, নির্বাচনের দিন ভোটারদের মনে ভীতি তৈরি করে এমন কোনোভাবে পুলিশ বা সেনাসদস্য মোতায়েন না করা।
এছাড়া রাজনৈতিক দলগুলোর প্রতি তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কার্যক্রম চালু রাখা , আরও বেশি গণতান্ত্রিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নিজ দলের ভেতরে সংস্কার এবং হরতাল ধর্মঘট বর্জন করে গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সুপারিশ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কম্বোডিয়ার সংসদ সদস্য সাউমুরা তিওলং, এনডিআইয়ের এশিয়া প্রোগ্রামের আঞ্চলিক পরিচালক পিটার মানিকাশ ও এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি জ্যাকুলিন করকোরান।
গত ১৬ থেকে ১৯ তারিখ বাংলাদেশের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে এনডিআই প্রতিনিধি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/২৩০২ঘ.
bdnews24