ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের তিনটি সমুদ্র বন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলে অগ্রসর হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার সকাল ৬টায় লঘুচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, লঘুচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটারে বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৫১ ঘ.
bdnews24