চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- কাজী মইনুদ্দিন মাহমুদ। তিনি বর্তমানে কারাগারে আছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আনিস আহমেদ মজুমদার নামে অপর এক আসামিকে খালাস দিয়েছে।
মইনুদ্দিন ২০০৩ সালের ২৮ মার্চ নগরীর আগ্রাবাদ এলাকার স্নাতক শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের অভিনয় করে এক পর্যায়ে জুবিলী রোডের একটি আবাসিক হোটেলে ডেকে আনেন। সেখানে তাকে ধর্ষণ করেন মইনুদ্দিন। তিনি বারাবার বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে মামলা করা থেকে বিরত রাখেন। কিন্তু একবছর পরও বিয়ে না করায় মেয়েটি মুখ্য মহানগর হাকিম আদালতে ধর্ষণ মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24