২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় পরিদর্শকগ্রেপ্তার

ভুয়া ট্রেড লাইসেন্স দিয়ে টাকা আত্মসাত এবং জাল ব্যাংক চালান বিক্রির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকার নগর ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভুয়া ট্রেড লাইসেন্স দিয়ে টাকা আত্মসাত এবং জাল ব্যাংক চালান বিক্রির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকার নগর ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হারুন, মনিরুল আলম, সজীব দাশ, রাজীব দাশ, কাজী নিজাম উদ্দিন ও শাহেদ মাহমুদ। এরা সবাই দৈনিকভিত্তিক কর্মচারি। আরও ১৫ জন দৈনিকভিত্তিক লাইসেন্স পরিদর্শক এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কোতেয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ভূয়া ট্রেড লাইসেন্স দিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে তাদের কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছেন- ট্রেড লাইসেন্সের জন্য সিটি করপোরেশনের যে অনুমতিপত্র ও ব্যাংক চালান আছে, তার অনুরূপ অনুমতিপত্র বই ও চালান ছাপিয়ে তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। করপোরেশেনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ী লাইসেন্স নবায়ন করতে এলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের কোতোয়ালি থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.