রাজবাড়ি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাংশা উপজেলার নওয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বুধবার সকালে বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- দিলীপ কুমার বিশ্বাস (৩৫) এবং অতুল রাহুত (২৮)। দুজনের বাড়ি যথাক্রমে পাংশার হোসেন ডাঙ্গা ও কুঠিমালিয়াট গ্রামে।
ওসি মাহবুবুর সাংবাদিকদের বলেন, "দৌলতিয়া ফেরি ঘাট থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী দুই জন ঘটনাস্থলেই মারা যায়।"
ওই দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পলাতক। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24