ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নূর হোসেনকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচী পালন করছে কয়েকটি সংগঠন।
১৯৮৭ সালের এ দিনে জেনারেল এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে যুবলীগ কর্মী নূর হোসেন শহীদ হন।
এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন এই দিনে নূর হোসেন বুকে এবং পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক!' শ্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিল পল্টন এলাকার 'জিরো পয়েন্ট' অতিক্রম করার সময় পুলিশ অসংখ্য টিয়ারগ্যাস আর গুলি ছুঁড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় নূর হোসেন এবং যুবলীগ নেতা বাবুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
নূর হোসেন ১৯৬১ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অটোরিকশা চালক। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পৃথক পৃথক বাণী দিয়েছেন।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, "জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ নূর হোসেনসহ অসংখ্য শহীদের স্বপ্ন শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা তাঁদের আত্মার প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে পারব।"
খালেদা জিয়া তার বাণীতে বলেন, "তার রক্তের ধারা বেয়েই '৯০-এর গণ-অভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে। কিন্তু নূর হোসেনের স্বপ্ন এখনো পূরণ হয়নি। গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে। ষড়যন্ত্র চলছে এ দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেওয়ার।"
দিনটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, শহীদ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি।
শহীদ নূর হোসেন সংসদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় শহীদ নূর হোসেন স্কয়ার ও সকাল সাড়ে ৯টায় জুরাইন কবরস্থানে শহীদ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা তিনটায় নূর হোসেনের বাসভবনে মিলাদ মাহফিল ও ১২ নভেম্বর বেলা তিনটায় সংসদ কার্যালয়ে আলোচনা সভা।
যুবলীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) ও সকাল সাড়ে ৮টায় জুরাইন কবরস্থানে শহীদ-সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও বেলা তিনটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও গণতান্ত্রিক বাম মোর্চা সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সকাল ৮টায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে নূর হোসেন দিবস পালন করে।
এছাড়া শহীদ নূরুল হুদা বাবুল স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, বাসদসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএফ/জিএনএ/১১৫২ ঘ.
bdnews24