২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সীমান্তে নিয়মিত সৈন্যদের অবস্থান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পরিস্থিতি রোববার সন্ধ্যায় হঠাৎ করেই বদলে গেছে। নাইক্ষ্যংছড়ি সংলগ্ন কক্সবাজারের রামু এলাকায় নিয়মিত সৈন্য অবস্থান নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পরিস্থিতি রোববার সন্ধ্যায় হঠাৎ করেই বদলে গেছে। নাইক্ষ্যংছড়ি সংলগ্ন কক্সবাজারের রামু এলাকায় নিয়মিত সৈন্য অবস্থান নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার থেকে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। অপরদিকে মিয়ানমারও তার সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। তবে বিডিআর কর্মকর্তারা বলছেন তাদের কাছে এ ধরনের কোন খবর নেই। বঙ্গোপসাগরে বিতর্কিত জলসীমায় মিয়ানমারের তেল-গ্যাস অনুসন্ধান ও জাহাজ প্রবেশের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তে বিডিআর ও নাসাকা সতর্ক হয়ে ওঠে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার তীব্র প্রতিবাদের মুখে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে শেষ পর্যন্ত টহল জাহাজ সরিয়ে নিয়েছে মিয়ানমার। এছাড়া, ওই এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে চুক্তিবদ্ধ কোরীয় কোম্পানি দাইয়ুও যন্ত্রপাতি সরিয়ে নিতে শুরু করেছে। আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ি সংলগ্ন রামু এলাকায় সেনাবাহিনীর অবস্থান নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাব আসলাম হাবিব। বিষয়টি স্বীকার করে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে। রাত ৭টায় নাইক্ষ্যংছড়ির একজন স্থানীয় সাংবাদিক জানান, সন্ধ্যার দিকে দুপক্ষই সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে সীমান্ত এলাকায় জড়ো করতে থাকে। ইউএনও জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে রাত ৭টার পর নাইক্ষ্যংছড়ি বিডিআরের আঞ্চলিক সদরদপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে বৈঠক হয়েছে। তবে তিনি জানান, বৈঠকে এলাকার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল ফারুকের উদ্ধৃতি দিয়ে জানান, উপজেলার নারিকেল বাগান এলাকার পুরাতন সেনানিবাসে চট্টগ্রাম থেকে আসা সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। টেকনাফের ৪২ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খালেক জানান, সীমান্ত এলাকায় বিডিআরের টহল চলছে। তাদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে সীমান্তের ওপারে মিয়ানমার সৈন্য সমাবেশ করছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোন খবর নেই বলে তিনি জানান। একই ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর হেলাল মোহাম্মদ খান জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, চট্টগ্রামের বিডিআরের কমান্ডার কর্নেল আখতার হোসেন রোববার সকালে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেছেন। সোমবার বিডিআর মহাপরিচালকের কক্সবাজার সফর করার কথা রয়েছে। মিয়ানমার থেকে আসা মংডুর নুরুল্যা পাড়ার বাসিন্দা শফি উল্লাহ (৩৮) ও মগনি পাড়ার বাসিন্দা মং কে থিং (২৯) সাংবাদিকদের জানান, গত তিনদিন ধরে মংডুর সেনা সদর দপ্তর ও ফাঁড়িগুলোতে সেনা ও নাসাকা সদস্যদের আসতে দেখেছেন তারা। সন্ধ্যার পর মংডু এলাকায় লোক চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২২১৪ঘ.