সুনামগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ ২৯ জনের বিরুদ্ধে লুটপাট, ভাংচুর ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জের বিচারিক হাকিম আকবর আলীর আদালতে শাল্লা উপজেলার ভেড়াডহরের অনিরুদ্ধ অধিকারী এই মামলা করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হাজী মোঘল মিয়া চৌধুরীর ওয়াক্ফ করে যাওয়া সম্পত্তির মোতোয়াল্লি মোস্তফা মিয়া চৌধুরী জাল দলিলের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তসহ বিভিন্ন জনের কাছে জমি বিক্রি করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে ওই ওয়াক্ফ সম্পত্তির নামজারি করান। অভিযোগে আরও বলা হয়, সুরঞ্জিত ও তার 'লাঠিয়াল বাহিনী' ওই সম্পত্তি এবং পূর্বপুরুষ থেকে প্রাপ্ত ভূমি থেকেও বাদীকে উচ্ছেদের চেষ্টা করছেন।
সোমবার সুরঞ্জিত সেনগুপ্তের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে মারধর ও লুটপাট করে বলেও এজাহারে বলা হয়েছে।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, মামলার কথা তিনি শুনেছেন। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত এ মামলাকে 'মিথ্যা ও বানোয়াট' হিসেবে উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," নির্বাচনকে সামনে রেখে মামলা-মোকদ্দমা হবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৪৯ঘ.
bdnews24