বাগেরহাট, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের চিতলমারী উপজেলার কাঠিপাড়ায় শনিবার সকালে বাস চাপায় নিহত হয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। শিশুসহ আরও দুজন আহত হয়েছে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নগরমান্দ্রা গ্রামের হাবিবুর রহমান হাওলাদার (৪৫) ও তার ছেলে নিয়ামুল হাওলাদার (২০) এবং চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের জুরান মণ্ডলের স্ত্রী কানন মণ্ডল (৩৮)। এরা সবাই রিকশা ভ্যানের যাত্রী।
সকাল ১০টার দিকে কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগেরহাট-চিতলমারী সড়কে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এবং ঘাতক বাসটিসহ দুটি বাস পুড়িয়ে দেয়।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাইদ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাস মালিকদের নিয়ে বিকেলে চিতলমারী থানায় বৈঠক ডেকেছেন।
ঘটনাস্থল থেকে ফিরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহমেদ জানান, বেপরোয়া গতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনা ঘটায়। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
দুর্ঘটনায় আহত ভ্যানচালক কচুয়া উপজেলার আলিপুর গ্রামের কালাম নিকারী (২৫) এবং জয় মণ্ডলকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জয় মণ্ডল দুর্ঘটনায় নিহত কাননের ছেলে।
প্রত্যক্ষদর্শী এজাজুল হক (৪৫), সালাম শেখ (৪০) ও কাজী হাফিজুর রহমান জানান, বাগেরহাট থেকে চিতলমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি (খুলনা ব-৮৫) ঘটনাস্থলে পৌঁছে ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। বাসটি যাত্রীসহ ভ্যানটি অন্তত ৫০ গজ টেনে হেঁচড়ে নিয়ে যায়।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রায় দেড়শ' গজ দূরে গিয়ে চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।
উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। সকাল ১১টার দিকে নাছিরপুর নামক স্থানে বাগেরহাট থেকে আসা যাত্রীবাহী আরেকটি বাসে (খুলনা মেট্রো জ-০৪-০০৩২) আগুন ধরিয়ে দেয় তারা। আধ ঘণ্টা পর দমকল বিভাগের একটি ইউনিট বাগেরহাট থেকে এসে আগুন নেভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24