ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার পর থেকে গত ২৮ বছরে দেশের ৩০ লাখ যুব বেকারকে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এদের মধ্যে প্রায় ১৭ লাখ তরুণ-তরুণীই আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা তালুকদার।
সংবাদ সম্মেলনে যুব দিবস উপলক্ষে মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১ নভেম্বর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব দিবসের উদ্বোধন ও যুব পুরস্কার বিতরণ করা হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন। এতে দেশের ১০ সফল যুব আত্মকর্মীকে পুরস্কৃত করা হবে। পরে বিকেল ৪টায় শিশু একাডেমী প্রাঙ্গনে যুব মেলা উদ্বোধন করা হবে।
২ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনে হবে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার।
সচিব গোলাম মোস্তফা তালুকদার জানান, এ পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরে ৬৮৩৮টি যুব সংগঠন তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ৪৮৬১টি সংগঠনকে কল্যাণ বাবদ এ পর্যন্ত পাঁচ কোটি ছয় লাখ ৩১ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। অনুন্নয়ন খাত থেকে ১৭৩১টি সংগঠনকে ৯৪ লাখ ৯৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
তিনি জানান, যুব সংগঠনগুলো নিজেদের সংগঠিত করার মাধ্যমে বিভিন্নক্ষেত্রে দেশি ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ১৮জন কমনওয়েলথ ও দুইজন সার্ক পুরস্কার পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/
bdnews24