ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চাহিদা অনুযায়ী ২ লাখ ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্সের সম্পূর্ণ চালান সোমবার নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে কানাডা সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানের মাধ্যমে কানাডার হাই কমিশনার রবার্ট ম্যাকডুগ্যাল প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার কাছে এসব বাক্স বুঝিয়ে দেন।
হাই কমিশনার বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের বিশাল কর্মযজ্ঞে সহযোগিতা করতে পেরে কানাডা সরকার আনন্দিত।"
এটিএম শামসুল হুদা বলেন, "১৮ ডিসেম্বর একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ২০০৯ সালের জানুয়ারিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি ইসির রয়েছে।"
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন বলেন, "এই স্বচ্ছ ব্যালট বাক্স নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করবে।"
আগামী ১৮ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি স্বচ্ছ এবং টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) আর্থিক সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের যৌথ প্রকল্পের আওতায় ৫০ লাখ ডলার দামের ২ লাখ ৪০ হাজার ব্যালট বাক্স সংগ্রহ করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর স্বচ্ছ ব্যালট বাক্সের প্রথম চালানটি ঢাকায় পৌঁছায়।
২০০৫ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সর্বপ্রথম নবম সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি তোলে। তারা ওই সময় অভিযোগ করে, ধাতব ব্যালট বাক্সগুলো নির্বাচন কারচুপির অন্যতম সহায়ক। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার এ দাবি প্রত্যাখান করে। ২০০৬ সালে কানাডা সরকার বিনামূল্যে স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহের প্রস্তাব দিলেও বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তা নাকচ করে দেয়।
২০০৭ সালে ১/১১'র রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। এ লক্ষ্যে গত জুনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে ৪৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়সাপেক্ষ 'ট্র্যান্সলুসেন্ট ব্যালট বক্সেস' প্রকল্পের চুক্তি হয়।
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে সারাদেশে ৩৩ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫১টি ভোটকক্ষে (পোলিং বুথ) ভোট দেওয়ার জন্য বরাদ্দকৃত ব্যালট বাক্সের সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৩৬৯টি। এ হিসাব বিবেচনায় রেখে এবার জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সম্ভাব্য চাহিদা ধরা হয় ২ লাখ ৪০ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএইচএন/টিএইচ/এসকে/২১৪৫ঘ.
bdnews24