২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ক'দিন বাড়ছে

ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় কয়েকদিন বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাক্সিক্ষত আয়কর রিটার্ন জমা না পড়ায় মেয়াদ কয়েকদিন বাড়ানো হবে। কতদিন বাড়বে মঙ্গলবার সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় কয়েকদিন বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাক্সিক্ষত আয়কর রিটার্ন জমা না পড়ায় মেয়াদ কয়েকদিন বাড়ানো হবে। কতদিন বাড়বে মঙ্গলবার সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "পত্রিকায় একমাস, ১৫ দিন সময় বাড়ানো হবে বলে খবর প্রকাশিত হচ্ছে। এ ব্যাপারে এনবিআর এর বক্তব্য হচ্ছে, কোনো অবস্থাতেই মেয়াদ একমাস বাড়ানো হবে না। বিশেষ বিবেচনায় কয়েকদিন মাত্র বাড়ানো হবে।" প্রতি কর বছরেই (অর্থ বছর) আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকে। কিন্তু শেষ সময়ে এসে মেয়াদ বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করে এনবিআর। গতবার রিটার্ন জমা দেওয়ার মেয়াদ দুই দফায় দু'মাস বাড়ানো হয়। এবার কম রিটার্ন জমা পড়ার বিষয়ে আবদুল মজিদ বলেন, "শেষ সময়ে এসে সব কিছু করা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। সবাই শেষ সময়ের জন্য বসে থাকে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।" তিনি জানান, আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কারণে বর্ধিত সময়সীমার মধ্যেও যদি আয়কর রিটার্ন জমা দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তার কাছে আবেদন করে সময় আরও কিছুদিন বাড়াতে পারেন। তবে তার জন্য অবশ্যই উপযুক্ত কারণ দেখাতে হয় হবে বলে আবদুল মজিদ জানান। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২০ লাখ। এর মধ্যে গত ১৫ অক্টোবর পর্যন্ত ৯২ হাজার করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর এ থেকে সরকার কর (ট্যাক্স) পেয়েছে ৪২০ কোটি টাকা। সোমবার পর্যন্ত রিটার্ন জমা দেওয়া করদাতার সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ২০০৭-০৮ অর্থবছরে ৬ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এ থেকে সরকার ট্যাক্স পেয়েছিল ৭৩৯ কোটি টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয়কর বিবরণী জমা দেওয়া ৫ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছ থেকে কর এসেছিল ২৫২ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১৩০ঘ.