টাঙ্গাইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মির্জাপুরে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুজন রোববার সকালে কুমুদিনী হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো।
কুমুদিনী হাসপাতালে মারা গেছেন- কালিহাতী উপজেলার রামপুর গ্রামের ছালাম মিয়ার মেয়ে তাসলিমা (৩০) ও টাঙ্গাইল সদরের ভুরভুরিয়া গ্রামের ছাদেক (৩২)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেলে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের শুভুল্লা ছয়দানায় অ্যাম্বুলেন্স ও উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন মারা যায়।
আহতদের মধ্যে পাঁচজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইল শহর থেকে রোগী নিয়ে সাভার যাচ্ছিল বলে জানান তিনি।
শনিবার ঘটনাস্থলে নিহতরা হলেন- দেবেন্দ্র সরকার (৬০), স্ত্রী দেবতারা সরকার (৪৮), ছেলে হরেকৃষ্ণ সরকার (৩৫)।
এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24