২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের সাবেক সাংসদ এম সফিউল্লাহর দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর-৬ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহকে রোববার বিকেলে তার নিজের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা গ্রামে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চাঁদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর-৬ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহকে রোববার বিকেলে তার নিজের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা গ্রামে দাফন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নিজ বাসায় তিনি মারা যান। রোববার বাদ জোহর চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদ চত্ত্বরে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাকসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাযা শেষে তার মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে রাখা হয়। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এরপর এম সফিউল্যাহর মরদেহ তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের বারপাইকা গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টায় ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা এবং বাদ আসর গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে আবার তার জানাযা হয়। জানাযা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের নেতৃত্বের পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার জানায়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.