২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

প্রতিটি নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিটি নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ কোড ও লজ অব বাংলাদেশের অংশের উদ্বোধন এবং লজ অব বাংলাদেশ সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-নির্ভর একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার মাধ্যমে প্রতিটি নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।" বিশ্বায়নের প্রেক্ষাপটে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান দিন দিন বাড়ছে- উল্লেখ করে তিনি বলেন, "যোগাযোগ দূরত্ব এখন আর শুধু মাইল-কিলোমিটারে পরিমাপ হচ্ছে না। বরং হচ্ছে সেকেন্ড-মিনিটে, বাইট ও কিলোবাইটে। আমাদেরও এ বিস্ময়কর পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে।" ১৮৩৬ সাল থেকে ২০০৭ এর জানুয়ারি পর্যন্ত প্রচলিত আইনগুলো হালনাগাদ করে ৩৮টি ভলিউমে 'বাংলাদেশ কোড' প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে বাংলাদেশে প্রচলিত মোট ৯৫৬টি আইন অন্তর্ভুক্ত রয়েছে। 'বাংলাদেশ কোড' ও 'লজ অব বাংলাদেশ' এর সহজপ্রাপ্যতা ন্যায়ভিত্তিক আলোকিত সমাজ ব্যবস্থা গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, "তথ্যের অবাধ ও সহজপ্রাপ্তি- সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করে। গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রাপ্তির পথকে করে সুগম। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সর্বোপরি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনায় সহায়তা করে।" এসব বিবেচনায় তথ্য অধিকার নিশ্চিত করতে 'তথ্য অধিকার অধ্যাদেশ ২০০৮' প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব কাজী হাবিবুল আউয়ালও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/এসকে/