সবিশেষহরলিকস ও ম্যাগির বিজ্ঞাপন অসত্য, যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা
হরলিকস আপনার সন্তানকে করবে আরও লম্বা, আরও শক্তিশালী, আরও তীক্ষ্ণধী (টলার, স্ট্রংগার এন্ড শার্পার) এমন একটি বিজ্ঞাপন বাংলাদেশের টিভি দর্শকরা প্রতিদিনই দেখছেন। এই বিজ্ঞাপনের দাবির সত্যতা নিয়ে বাংলাদেশে কোনো প্রশ্ন না উঠলেও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি (এএসএ) সেদেশে এর প্রচার নিষিদ্ধ করেছে। স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে 'প্রমাণিত নয়' এমন দাবি করায় ম্যাগি নুডলসের একটি বিজ্ঞাপনও নিষিদ্ধ করেছে সংস্থাটি।
খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি বিষয়টি বিএসটিআই ও তথ্য মন্ত্রণালয়ের নজরে আনব।"
ফিন্যানশিয়াল টাইমস ও ট্রেডিংমার্কেট ডটকমের তথ্য অনুযায়ী, স্যাটেলাইট চ্যানেল 'নেপালি টিভি' বাংলাদেশের একটি টিভি চ্যানেলের সঙ্গে চুক্তির ভিত্তিতে বাংলাদেশী অনুষ্ঠান প্রচার করে আসছে। সেই অনুষ্ঠানের সঙ্গে হরলিকস ও ম্যাগি নুডলসের বাংলা বিজ্ঞাপনদুটোও প্রচার করে আসছিল তারা। কিন্তু এসব বিজ্ঞাপন প্রচারের জন্য নেপালি টিভি ব্রিটিশ সরকারের অনুমতি না নেওয়ায় এএসএ বিষয়টির তদন্ত শুরু করে।
হরলিকসের বিজ্ঞাপনটিতে একটি বোর্ডিং স্কুলের শিক্ষার্থীদের দৈনন্দিন কর্মকাণ্ড দেখানোর মাঝে নেপথ্য কণ্ঠে বলা হয়, 'নিয়মিত হরলিকস খাওয়ায় শিশুরা হয়েছে টলার, স্ট্রংগার ও শার্পার। হরলিকসের চ্যালেঞ্জ এবার প্রমাণিত। নিজেই পরীক্ষা করে দেখুন।'
অন্য বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, 'ম্যাগি নুডলস মাংসপেশির বৃদ্ধিতে সহায়তা করে, হাড়ের গঠনকে করে মজবুত।'
এএসএ বলছে, এ দুটো বিজ্ঞাপন কেবল ব্রিটিশ বিজ্ঞাপন আইনের পরিপন্থীই নয়, এগুলোর বক্তব্যও অসত্য।
ব্রিটিশ খাদ্য মান সংস্থার (এফএসএ) বরাত দিয়ে এএসএ জানিয়েছে, ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছে সেই গুণাগুণ থাকতে হলে এতে অন্তত ১২ শতাংশ আমিষ থাকতে হবে। কিন্তু যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটি যে নুডলস বিক্রি করে তাতে আমিষের পরিমাণ ১০ শতাংশ। একইভাবে প্রতি ১০০ গ্রাম নুডলসে অন্তত ১৫ শতাংশ ক্যালসিয়াম থাকতে হবে। কিন্তু ব্রিটিশ বাজারের ম্যাগির প্যাকেটে ক্যালসিয়ামের পরিমাণই উল্লেখ করা হয়নি।
এএসএ বলছে, 'ম্যাগি নুডলসের আমিষ বিজ্ঞাপনের দাবি অনুযায়ী মাংসপেশিকে দৃঢ় ও হাড়ের গঠনকে মজবুত করে- এমন কোনো প্রমাণ আমরা পাইনি। কাজেই আমরা মনে করি, বিজ্ঞাপনটি ভোক্তাদের ভ্রান্ত ধারণা দিচ্ছে এবং এ বিজ্ঞাপন প্রচার করা নেপালি টিভির উচিত হচ্ছে না।'
হরলিকসের ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছে এএসএ।
অন্যদিকে হরলিকসের উৎপাদক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এর দাবি, তারা বাংলাদেশে যে হরলিকস বাজারজাত করেছে তার পুষ্টিমান পরীক্ষিত। বাংলা বিজ্ঞাপনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক যে দাবি করা হয়েছে সেসব গুণাগুণ এ হরলিকসে রয়েছে। তবে ব্রিটেনে যে হরলিকস তারা বিক্রি করে তাতে সেইসব গুণ না থাকায় এ ধরনের কোনো বিজ্ঞাপনও সেখানে প্রচার করা হয় না।
আর যুক্তরাজ্য নেসলের এক বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশের আইন মেনে সেখানে প্রচারের জন্যই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।'
নেসলে বাংলাদেশে নুডুলসের যে প্যাকেট বিক্রি করছে তাতে আমিষের পরিমাণ লেখা আছে সাড়ে ৮ শতাংশ (১০০ গ্রামে ৮ দশমিক ৫ গ্রাম) এবং ক্যালসিয়াম দশমিক ১৪৮ শতাংশ (১০০ গ্রামে ১৪৮ মিলিগ্রাম)।
এফএসএ'র মান অনুযায়ী, বাংলাদেশে বিক্রি হওয়া ম্যাগি নুডুলসও বিজ্ঞাপনের দাবি পূরণের মতো যথেষ্ট পুষ্টিমান বহন করে না।
এএসএস'র নির্দেশের পর নেপালি টিভি বিজ্ঞাপন দুটির প্রচার বন্ধ করে দিয়েছে।
