পটুয়াখালী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুমে ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধ রাখার প্রচেষ্টা সফল হওয়ায় আগামী বছর ৫০ শতাংশ বেশি আহরণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য বিশেষজ্ঞরা।
তাদের দাবি, এর ফলে দেশে চাহিদা পূরণ করে বিদেশেও ইলিশ রপ্তানি করা যাবে।
জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মো. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার অক্টোবরের ১৫ থেকে ২৪ তারিখ পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। জেলেরাও তা মেনে ইলিশ ধরা বন্ধ রেখেছেন।"
তিনি দাবি করেন, গত মৌসুমে জাটকা না ধরায় জেলেরা এ বছর বিপুল পরিমাণ বড় ইলিশ আহরণ করতে পেরেছেন।
ফারুক আহমেদ জানান, অক্টোবর মাসে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ সাগর মোহনায় এসে ডিম ছেড়ে আবার সাগরে চলে যায়। এসময় একটি মা ইলিশ ২০ লাখ পর্যন্ত ডিম ছাড়ে।
কুয়াকাটার জেলে আবদুল আলিম হাওলাদার, মহিপুরের জেলে আবদুল জলিল জানান, গতবার জাটকা ধরতে না দেওয়ায় কয়দিন কষ্ট হলেও এই মৌসুমে বড় বড় ইলিশ ধরা পড়েছে। তাই এবার তারা ডিমওয়ালা ইলিশ ধরছেন না।
মৎস্য ব্যবসায়ীরাও এই ১০ দিন ইলিশ বেচাকেনা বন্ধ রেখেছিলেন। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সরকারকে সহায়তা করতে এগিয়ে এসেছেন তারা আড়ৎ বন্ধ রেখে।
মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সব জেলেদের বলেছি যারা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরবে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। নদী বা সাগরে যারা জাল পাতবে তাদের মাছ কোন আড়ৎ কিনবে না।"
পটুয়াখালী জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ বলেন, "ইলিশ আমাদের ঐতিহ্য। পাশ্ববর্তী ভারতসহ বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মত এত সুস্বাদু ইলিশ বিশ্বের দ্বিতীয় কোন দেশে পাওয়া যায় না। একে রক্ষা করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"
জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিশ্বের উষ্ণমণ্ডলীয় স্রোতাঞ্চল দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, বঙ্গোপসাগরের তীর মিয়ানমার, বাংলাদেশ, ভারত, আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগরের উপকূলে প্রচুর ইলিশ ধরা পড়ে। তবে বঙ্গোপসাগর থেকে মিঠা পানির নদ-নদীতে উঠে আসা ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24